সমবয়ষ্ক সমমনস্ক এক ঝাঁক বন্ধু আছে আমার। এক সাথে এক অফিসে কাজ করতাম শুধু নয় থাকতামও একই মেসে। কালের নিয়মে চাকরি থেকে একে একে অবসর নিয়েছি। ফিরেও গিয়েছি যে যার বাড়িতে। কিন্তূ বন্ধুত্বে বিন্দুমাত্র ভাটা পড়েনি। বছরে এক আধবার গেট টুগেদার একসাথে কাছে পিঠে কোথাও ঘুরে আসা এভাবেই চলছিল। এতেও ঠিক মন ভরছিলো না। শেষে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠিত হলো। আনন্দ উৎসবে জন্মদিন বিবাহবার্ষিকী ইত্যাদিতে শুভেচ্ছা জানানো শুরু হলো। একটু অন্য রকমের শুভেচ্ছা জানাতে আমি বন্ধু এবং বন্ধুপত্নীদের নিয়ে ছড়া লেখা শুরু করি। সেই শুরু। কালক্রমে সেটাই খুব জনপ্রিয় হয়ে উঠে। ধীরে ধীরে একশোর উপর ছড়া লেখা হয়ে উঠলো। এবার দাবী উঠলো ছড়াগুলোকে একটা বই-এর রূপ দেবার জন্যে। কিন্তু আমার কাছে তো কপি নেই। বন্ধুবর সমীর রায় অভয় দিলেন। কুচ পরোয়া নেই। আমার সব সেভ করা আছে। বই গড়ে ওঠার পিছনে সলতে পাকানোর গল্প বলতে ঠিক এটাই। বন্ধুদের ম্যানিয়া হবি ব্যক্তিগত অনুভূতি ভালো লাগা মন্দ লাগা নিয়ে নিতান্তই মজার ছলে লেখা। দু একটা ছড়া হয়তো বন্ধুবান্ধবের গন্ডির বাইরে অন্য কাউকে নিয়ে লেখা তবে সেটা ব্যতিক্রম।আপনাদের হয়তো ভালো লাগবে না। নিতান্তই কাঁচা হাতের লেখা হবে। তবুও যদি একজনেরও কিছু মাত্র ভালো লেগে থাকে তবে মনে করবো আমার প্রচেষ্টা সার্থক।